তিন দিনের সফরে বরিশালে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় নৌপথে গ্রিনলাইনের একটি ওয়াটারবাসে তিনি বরিশালে পৌঁছান। এ সময় বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নদীবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সেখান থেকে রাষ্ট্রদূত গাড়ি বহর নিয়ে হোটেল গ্রান্ড পার্কে পৌঁছান। বিকেলে তিনি বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে সাক্ষাত্ করেন। আজ বুধবার দুপুর ১২টায় তিনি ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন। বিকাল সোয়া ৩টায় বাংলাদেশ বেতার বরিশালে রেডিও ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। বিকাল ৪টা ৫০ মিনিটে বরিশালের ঐতিহ্যবাহী মিঞাবাড়ি মসজিদ পরিদর্শন করবেন। রাত ৮টায় হোটেল গ্রান্ড পার্কে ডিনারে অংশগ্রহণ করবেন। তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় রাষ্ট্রদূত বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন চার্চ, সকাল ৯টায় মত্স্য অবতরণ, সকাল সোয়া ৯টায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ এবং বেলা সাড়ে ১১টায় নগরীর সিঅ্যান্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৪টায় বরিশাল বিমানবন্দর থেকে রাষ্ট্রদূত ঢাকার উদ্দেশে রওনা দেবেন।