চার দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলন করেছে নার্সিং কলেজ শিক্ষার্থীরা। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরকারি ৭টি এবং বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে এ আন্দোলনে নেমেছে। গতকাল মঙ্গলবার ৪র্থ দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আন্দোলন করে।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো—পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, নতুন কারিকুলাম রিভিউ, নার্সিংয়ে স্বতন্ত্র প্রফেশনাল ক্যাডার সার্ভিস ‘বিসিএস (সেবা)’ চালু ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত, নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা। সারাদেশে ১২টি সরকারি নার্সিং কলেজ রয়েছে। এর মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত ৪ দিন ধরে একযোগে ক্লাস, পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন করছে নার্সিং শিক্ষার্থীরা। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি নার্সিং কলেজের মধ্যে বাকিরাও আন্দোলনে নামবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোও আমাদের সঙ্গে আন্দোলন করছে।
এদিকে চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। চট্টগ্রামে মিছিল-পরবর্তী সমাবেশে নার্সিং পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মঙ্গলবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে প্রাশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড় হয়ে আবার ক্যাম্পাসে ফিরে যায় ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, প্রধান উপদেষ্টা নাজমিন মুক্তা, সদস্য সচিব জান্নাতুন নাঈম সমিক্ষা, সিনিয়র সহ-সভাপতি সাওসার হোসাইন শান্ত, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ও সাইফুর রহমান নিশাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ব্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ফের কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে তারা। এ সময় তারা দাবির সপক্ষে নানা স্লোগান দেয়।