ভালুকায় ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ভালুকার চাঞ্চল্যকর ছাত্রী ধর্ষণ মামলার ১ নন্বর আসামি সাইফুল (৪০) ডাকাত মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে জেলা গোয়েন্দা ও ভালুকা মডেল থানার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় উপজেলার হাতিবেড় গ্রামে তুহিনের বাড়ির কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। এ সময়  ভালুকা মডেল থানার পুলিশের একটি দল ওই স্থানে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করেছে।

উল্লেখ্য, ভালুকা উপজেলার কৈয়াদী সোনাউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অস্টম শ্রেণির ছাত্রী ওই গ্রামের হাবিবুর রহমানের কিশোরী মেয়ে রুমি (১৪) ১৬ জুন স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) ও ইয়ার মাহমুদের ছেলে রমজান আলী (৩০) পেছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গলায় চাকু ধরে ও অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা ভিডিও করে রাখে। এ ব্যাপারে স্থানীয়ভাবে বিচার চেয়ে ব্যর্থ হয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে ৩০ জুন ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর ৬২) রজু হয়। পরে আসামিদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যক্তিরা এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।