শেখ হাসিনা সরকারের পতনের দিন গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপিপন্থি আইনজীবী আবুল কালাম আজাদ আর নেই। টানা ১০দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রাজধানীর একটি বেসরকারি হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন ৷
অ্যাডভোকেট আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ছিলেন ৷ তার বাসা নগরীর রানীর দীঘির দক্ষিণ পাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে ৷
কালামের সহকর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিকালে নগরীর প্রতিটি সড়কে বিজয় মিছিলের পাশাপাশি বেশ সহিংসতা চলে ৷ বিকাল সাড়ে ৪টার দিকে রুমার আদালতে হামলার খবর পেয়ে সেখানে ছুটে যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট কাইমুল হক রিংকু, তার ছেলে শাফিউল হক আলভী, আরফানুল হক অবরিন ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন আইনজীবী ৷ পরে তারা মাগরিবের নামাজের সময় নগরীর মোগলটুলী এলাকায় পৌঁছলে তাদের ওপর হামলা হয়।
অভিযোগ রয়েছে, ৬ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ককটেল ছোড়ে। এতে আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন। অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং তার দুই ছেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। আহত হন আরো ছয়-সাত আইনজীবী ।