দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গতকাল মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। গতকাল বেলা ১১টার দিকে বিমানযোগে তারা কক্সবাজার পৌঁছেন এবং বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তিন সংস্থার প্রধানগণ প্রথমে কুতুপালংস্থ মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ক্যাম্পে কিছু সময় কাটিয়ে পরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তারা উপস্থিত পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। সন্ধ্যা ৭টার দিকে পরিদর্শক দল কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, রোহিঙ্গাদের অবাধ যাতায়াত ও অপরাধ দমনে করণীয় নির্ধারণে তিন সংস্থার প্রধানগণ গতকাল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি জানান, মূলত রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের জনজীবন অনিরাপদ এবং শিবিরগুলোতে যাতে সন্ত্রাসী রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে সেটাই তিন বাহিনীপ্রধান প্রত্যক্ষ করেন। ঢাকায় ফিরে রোহিঙ্গা শিবিরের চতুর্দিকে ঘেরাও দেওয়াসহ নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুপারিশ করার সম্ভাবনা রয়েছে।
এসময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।