বলিউড কিং শাহরুখ খানের জীবনযাপন যেন অনেকটা ব্যাচেলরদের মতোই! অন্যরা যখন ঘুম থেকে ওঠেন, সেসময় ঘুমাতে যান তিনি। সবার ঘুমানোর সময় রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে হলেও এসআরকে ঘুমাতে যান ভোর ৫ টায়। এখানেই শেষ নয়, তিনি খাবার খান মাত্র একবেলা!
কিং খানের এরকম অনিয়মিত লাইফস্টাইলের পেছনে দায়ী তার কর্মব্যস্ততা। নিশ্চয়ই অন্যদের মত শুয়ে-বসে কাটাননা শাহরুখ। শ্যুটিং না থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ঠিকমত বিশ্রাম নেওয়াও হয় না তার। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটিই জানিয়েছেন শাহরুখ। তবে কী নিয়ে এত ব্যস্ততা বলিউড কিংয়ের?
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিজের লাইফস্টাইল সম্পর্কে শাহরুখ জানান, তিনি দুপুর দুইটায় বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরলেও নানা ব্যস্ততা থাকে। সব কাজ শেষ হতে হতে তার ঘুমানোর সময় হয় ভোর ৫ টায়, আবার উঠে পড়েন সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে। অর্থাৎ, দিনে চার-পাঁচ ঘণ্টার বেশি ঘুমাননা তিনি।
শাহরুখের ভাষায়, ‘৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এ সময় আমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। আর আমি ওয়ার্কআউটে মন দিতাম।’
শাহরুখ আরও বলেন, ‘আমি সাধরণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। মার্ক ওয়াহলবার্গ (মার্কিন অভিনেতা যিনি খুব ভোরে ওঠেন) উঠলে, আমি ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯টা-১০টা পর্যন্ত ঘুমাই। এরপর আমি শ্যুটিংয়ে যাই। এরপর দুপুররে বাড়ি ফিরি। তারপর স্নান করে ব্যায়াম করি।’
শাহরুখ জানান তিনি মাত্র এক বেলা খাবার খান। মাত্র আধা ঘণ্টা ওয়ার্ক আউট করেন।
উল্লেখ্য, সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 'পার্দো আল্লা ক্যারিয়ারা' বা 'ক্যারিয়ার লেপার্ড'-এ ভূষিত হয়েছেন শাহরুখ খান। লোকার্নো চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারোর সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজের ক্যারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেন।