সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪

সাভারে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মার্কেটিং কোম্পানিতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় প্রতিষ্ঠাটিতে কর্মরত চারজনকে আটক এবং ২৩ চাকরি প্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার চৌরঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডে এ অভিযান চালানো হয়। র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনু মং এ অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতরা হলো : ঐ কোম্পানির কর্মকর্তা শরিফ মিয়া (২৩), তোফায়েল আহমেদ (২৩), মো. রাজু (২৪) ও মেহেদী হাসান (২৩)। তবে মূল হোতা আওলাদ, জিয়াউর রহমান জিয়াসহ ৩ প্রতারক পলাতক রয়েছেন।

র্যাব-৪ সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে এই প্রতারক চক্রটি চৌরঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং কোম্পানি চালু করে। দীর্ঘদিন ধরে সেনাবাহিনী, পুলিশসহ দেশের নামিদামি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে প্রায় অর্ধশত ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় তারা। কিন্তু ভুক্তভোগীরা কথামতো চাকরি না পেয়ে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। ঘটনাটি জানিয়ে প্রতারিত ব্যক্তিরা র্যাব কার্যালয়ে লিখিত অভিযোগ করলে মঙ্গলবার দুপুরে র্যাব ওই কোম্পানিতে অভিযান চালিয়ে ৪ প্রতারককে আটক এবং ২৩ চাকরি প্রত্যাশীকে উদ্ধার করে। তবে কৌশলে প্রতারক চক্রের হোতারা পালিয়ে যায়। এ সময় চাকরি দেওয়ার বেশ কিছু ভুয়া কাগজপত্র, কম্পিউটার, বিভিন্ন ব্যক্তির বায়োডাটাসহ নানা আলামত জব্দ করা হয়।  র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, অবৈধ মার্কেটিং কোম্পানির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত তাদেরকে আটকে অভিযান পরিচালনা করা হবে।