ঢাকার কেরানীগঞ্জে মডেল থানার আটি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সঞ্জয় বিশ্বাস (৩৬) নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক হয়েছে। আটি বাজার ফাঁড়ি ইনচার্জ সাদেকুর রহমান জানান, সঞ্জয় বিশ্বাস দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এনএসআই পরিচয় দানকারীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকড়া এলাকায়। তার পিতার নাম কমল চন্দ্র বিশ্বাস। তার কাছ থেকে ৩টি ভুয়া আইডি কার্ড ও ডাইরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিকালে পুলিশ সঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছে।