সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া খোনকারবাড়ি এলাকায় আয়েশা বেগম নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ব্যাট দিয়ে পিটেয়ে গুরুতর আহত করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে আঁখি নামে এক নারী। এ সময় গৃহবধূর দুই সন্তানকেও বঁটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে। আঁখি নিজেকে ঐ গৃহবধূর স্বামী মামুনের দ্বিতীয় স্ত্রী পরিচয়ে বাড়ি এসে গত সোমবার এ তাণ্ডব চালায়। কিন্তু মামুন আঁখিকে স্ত্রী হিসেবে অস্বীকার করছেন। গৃহবধূকে মারধরের পর তার স্বর্ণালঙ্কার ও ঘরে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয় আঁখি।
এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ আয়েশা বেগম সোনারগাঁও থানায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।