ফেসবুকে রুবেল ও মিঠুনের পরিচয়। এ পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হয়, বন্ধু রুবেলের ডাকে রূপগঞ্জ থেকে মিঠুন ছুটে আসে সিদ্ধিরগঞ্জে। আর সেই বন্ধুকে অপহরণ করে আটকে রেখে ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় অপহরণকারী বন্ধু। অপহূত যুবকের নাম মো. মিঠুন (২৪)। সে একই জেলার রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকার সূর্যত আলীর ছেলে। অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে ঐ দিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় এসে অভিযোগ করেন মিঠুন।
অভিযোগের সূত্র ধরে পুলিশ ৪ অপহরণকারীকে আটক করে এবং মুক্তিপণ আদায়ের ৪০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন ও একটি রুপার চেইন উদ্ধার করে।
আটককৃতরা হলো— আলাউদ্দিন (২৪), মো. শুভ (২৩), ইমন (১৮), রফিকুল ইসলাম (২৩)। এ সময় মূল অপহরণকারী (ফেসবুকের বন্ধু) রুবেল ওরফে সুজন (২৫) পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে পার্ক এলাকায়। এ ঘটনায় অপহূত মিঠুন গতকাল মঙ্গলবার দুপুরে থানায় মামলা করলে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে গ্রেরণ করা হয়।