কিছু মানুষের সুবিধার জন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের নামে ক্ষমতাসীন দলের গুটিকয়েক মানুষের সুবিধার জন্যই গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। উন্নয়নের একটা ঢোল বাজানো হচ্ছে সব সময়। প্রধানমন্ত্রী চীন থেকে ফেরত এসে সংবাদ সম্মেলন করে বলেছেন, উন্নয়ন পেতে হলে গ্যাসের মূল্য বৃদ্ধি মেনে নিতে হবে। আমরা জানি, উন্নয়নের একটা মূল্য দিতে হয়। উন্নয়নের জন্য সেই মূল্যটা কি দিতে হবে সাধারণ মানুষের। উন্নয়নের কথা বলে যে টাকা জনগণের পকেট থেকে বের করে নেওয়া হচ্ছে, সেই অর্থ ব্যয় করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের কিছু সংখ্যক মানুষের জন্য।

গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। রাজধানীর ইস্কাটন গার্ডেনে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল কবির খানের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, নবনির্বাচিত সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান বক্তব্য রাখেন।