আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিগত প্রায় সাড়ে ১০ বছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অনেক সচল হয়েছে। ফলে ২০০৯ থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার ৭৭৩ জনকে সরকারি আইনি সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। তিনি বলেন, যারা দরিদ্র ও অসহায়, তাদের সবার কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দিতে হবে, তাহলেই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সফল হবে। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় পরিচালনা বোর্ডের ৩৬তম সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
সভায় সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে সরকারি আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে বার্ষিক আয় যথাক্রমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১ লাখ টাকার পরিবর্তে যে ব্যক্তির বার্ষিক আয় সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত আয়করসীমার নিচে—এমন ব্যক্তি সরকারি আইনি সহায়তা পাবেন—এরূপে জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা সংশোধন করে সরকারি আইনি সহায়তা পাওয়ার আওতা বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় পরিচালনা বোর্ড। ফলে যাদের বার্ষিক আয় আয়করসীমার নিচে তারা সবাই বিনা খরচে সরকারি আইনি সহায়তা পাবেন। নীতিমালা সংশোধনের পর থেকে এটি কার্যকর হবে।
সভায় সংস্থার জাতীয় পরিচালনা বোর্ডের সদস্য মো. আব্দুস শহীদ এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. আমিনুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. গোলাম সারোয়ার ও বিকাশ কুমার সাহাসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।