ম্যাচের প্রথমে ছিল ভারতীয় বোলারদের দাপট। এরপর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত হতে পারল না গতকাল। ম্যানচেস্টারে হানা দিল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে গতকালকের মতো স্থগিত হয়ে গেল খেলা। আজ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে খেলার বাকি অংশ।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর দফায় দফায় আম্পায়াররা চেষ্টা করেছেন মাঠ পরীক্ষা করার। যদি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলা শুরু করা সম্ভব হতো, তাও ২০ ওভারের একটি ইনিংস খেলে খেলা শেষ করতে পারত ভারত। কিন্তু বৃষ্টির কারণে সেটাও সম্ভব হয়নি। ফলে ওখানেই স্থগিত করা হয় খেলা।
আজ স্থানীয় সময় সকাল ১০:৩০টা ও বাংলাদেশ সময় সাড়ে তিনটা থেকে শুরু হওয়ার কথা আবার খেলা। নিউজিল্যান্ড ৪৬.২ ওভার থেকে শুরু করবে ব্যাটিং। তারা আর ২৩ বল খেলার সুযোগ পাবে। এরপর ভারত নির্ধারিত লক্ষ্যে ৫০ ওভারের ব্যাটিংয়ের সুযোগ পাবে। কিন্তু এই হিসেব টিকবে না কালও বৃষ্টি হলে। আগামীকালও ম্যানচেস্টারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে প্রথমে চেষ্টা করা হবে ভারতকে অন্তত ২০ ওভারের একটি টার্গেট দেওয়ার। তাও সম্ভব না হলে খেলা পরিত্যক্ত হবে। আর তেমন ঘটলে ভারত চলে যাবে ফাইনালে।
আইসিসির আইন অনুযায়ী কোনো সেমিফাইনাল দুই দিনেও শেষ করা সম্ভব না হলে প্রথম পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল ফাইনাল খেলবে। এ ক্ষেত্রে সুযোগটা পাবে ভারত। বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার আগে ভারতীয় বোলাররা চেপে ধরেছিল নিউজিল্যান্ডকে। প্রথম ৩ ওভারে কোনো রান করতে না পারা নিউজিল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। এরপর মাঝের দিকে কেন উইলিয়ামসন ও রস টেলর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। উইলিয়ামসন ৬৭ রান করে আউট হন। আর টেরলর ৬৭ রানে অপরাজিত আছেন।