সৌদি আরবের প্রিন্সেসের বিচার শুরু প্যারিসে

শ্রমিককে পেটানোর অভিযোগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের কন্যা এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন প্রিন্সেস হাসসা বিনতে সালমানের বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্যারিসের একটি আদালতে তাঁর অনুপস্থিতিতে বিচার শুরু হয় বলে জানা গেছে। একইসঙ্গে প্রিন্সেসের দেহরক্ষীরও বিচার হচ্ছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে যুবরাজের বোন প্রিন্সেস হাসসা বিনতে সালমানের প্যারিসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংস্কার কাজ চলছিল। ওই সময় এক শ্রমিক অ্যাপার্টমেন্টের ভেতরের ছবি তুলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শ্রমিককে পেটানোর জন্য দেহরক্ষীকে নির্দেশ দিয়েছিলেন হাসসা। ওই শ্রমিক অভিযোগ করেন, তাকে বেঁধে রাখতে দেহরক্ষীকে নির্দেশ দিয়েছিলেন প্রিন্সেস হাসসা। তাঁকে পেটানো এবং তার যন্ত্রপাতি জব্দ করে রাখার পর পরে তাকে প্রিন্সেসের পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। -বিবিসি