ভারতের কর্ণাটক রাজ্য সরকারের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিক্ষুব্ধ বিধায়কদের শান্ত করতে পারছে না কংগ্রেস ও জেডিএস নেতৃত্ব। কংগ্রেসের পরিষদীয় বৈঠকে রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত না হওয়ায় গতকাল পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আরো এক বিধায়কের পদত্যাগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে গুলাম নবি আজাদকে বেঙ্গালুরুতে পাঠিয়েছেন সোনিয়া গান্ধী। কর্নাটকের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত ছিল রাজ্যসভাও। দুপুর ২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সভা।
স্পিকার রমেশ কুমার গতকাল জানিয়েছেন, কোনো বিক্ষুব্ধ বিধায়কই তাঁর সঙ্গে দেখা করেননি। বিষয়টা তিনি রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছেন। পদত্যাগ করা ১৩ বিধায়কদের ৮ জন আইন মেনে ইস্তফা দেননি। তাঁদের সময় দেওয়া হয়েছে বলেও জানান স্পিকার। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে গতকাল বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল কংগ্রেসের পরিষদীয় দল। কিন্তু সেই বৈঠকে উপস্থিত হননি রামলিঙ্গ রেড্ডি, অঞ্জলি নিম্বলকর, এস রামাপ্পা ও রোশন বেগের মতো নেতারা। আরো বেশ কয়েকজন নেতাও অনুপস্থিত ছিলেন। এই বৈঠক চলাকালীনই ইস্তফা দেন বিধায়ক রোশন বেগ যাকে দলবিরোধী কাজের জন্য আগেই বহিষ্কার করেছিল কংগ্রেস। -আনন্দবাজার পত্রিকা