কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে ডুবে হাবিব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিলেন বন্যার পানি দেখতে। এ সময় সড়কের উপর দিয়ে যাওয়া পানির স্রোতে ভেসে যায় তারা। দুজন সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ গণমাধ্যমকে বলেন, তিন শিশু বন্যার পানিতে দেখতে গিয়ে ভেসে যায়। এদের মধ্যে দুজন সাঁতার কেটে ফিরে আসলেও হাবিব পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।