ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নাজিরপুর উপজেলা বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না। এখন আমাদের নিজ দায়িত্ব নিয়ে আমাদের অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ‘দূর্গা পূজা’কে কেন্দ্র করে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে বলে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিএনপি অফিস কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাবেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমান কাউখালী থানার ওসি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নাজিরপুর উপজেলা বিএনপি অফিসে পালন করার পরে আমাদের অফিসটাকে হুমায়ুনের নেতৃত্বেই পুলিশ বাহিনী দিয়ে ভাঙচুর করেছে। ১০ সেপ্টেম্বর ২০২২ উল্টা আমাদের বিরুদ্ধে একটি বিষ্ফোরক আইনে মামলা রুজু করে এবং সেই মামলা অনুয়ায়ী পুলিশ আমাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে হয়রানি করেছে। আমাদের নেতা-কর্মীদের বিনা অপরাধে ধরে এনে মেরেছে। এমন কি খাবার পর্যন্ত দেয় নাই। বাসায় গিয়ে মহিলাদের গালাগালি করছে। এত নির্যাতন করছে যে আয়নাঘরে যে নির্যাতন হতো এবং সেখানে যারা নির্যাতন করত তাদের একজন মনে হয় তিনি। গভীর রাতে নেতাকর্মীদের ধরতে গিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। মহিলাদের বলছে আপনার স্বামীকে পেলে ডিম থেরাপি দিব, সে স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিবিদদের মতো আচরণ করেছিল একজন আমলা তা সে মনে করে নাই। আমরা আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অফিসারকে চাকুরিচ্যুতসহ বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচীব মো. আবু হাসান খান, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজি, যুবদদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।