বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহ করছে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা 

দেশের বন্যাকবলিত জেলাগুলোর মানুষের জন্য ফান্ড সংগ্রহ শুরু করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা টাঙ্গাইল জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করে। 

ফান্ড সংগ্রহের কমিটি থেকে জানা যায়, প্রথম দিনে ২ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। ফান্ড সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বন্যার্তদের জন্য পুরনো পোশাক সংগ্রহ করছে। যা বন্যার্তদের মাঝে বিতরণ হবে বলে জানা যায়।  

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান রাজা বলেন, এই সংকটের সময়ে বন্যা কবলিতদের সাহায্যে দেশের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রথম প্রহরে ভারতের সঙ্গে ন্যায্য পানিচুক্তির দাবি ও ডম্বুর বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।