রাণীশংকৈলে ইয়াবা বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে।  

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় রাণীশংকৈল থেকে বাসায় ফেরার সময় রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পাই। সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওই যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করি। এর একপর্যায়ে সুশান্তের কাছে ৬ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও  সন্দেহভাজন আরও  দুজনকে আটক করে নিয়ে যায়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।