‘বিশেষ দিনটিতে হারিয়ে যেতে চাই’

 বিনোদন ডেস্ক

 

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভারত’ সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন ক্যাটরিনা। সিনেমাটি মুক্তির আগে থেকেই সিনেমা প্রসঙ্গ নিয়ে আলোচনায় ক্যাট। আর এ নিয়ে অনেক পরিশ্রমও করতে হয়েছে তাঁকে। তাই এখন আপাতত নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে না তাঁকে। কিছুদিন নিজের মতো করে কাটাতে চান তিনি। এরমধ্যে আগামী ১৬ জুলাই তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটি কিভাবে কাটাবেন তা নিয়ে ক্যাটরিনা ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই। তবে খুব বিশেষ কিছুই করছেন না তিনি।

ক্যাটরিনা বলেন, ‘বিশেষ দিনটিতে হারিয়ে যেতে চাই। তেমন কোনো আয়োজন করছি না। পরিবারের মানুষদের সাথে নিয়ে হয়তো কোথাও যেতে পারি।’

অন্যদিকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরামর্শ দিচ্ছেন ক্যাট। ইনস্টাগ্রামে প্রায়ই এ নিয়ে নানা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাঁর ফিটনেস মন্ত্র শেয়ার করলেন ক্যাটরিনা।

ক্যাটরিনা বলেন, ‘জীবনে আমার লক্ষ্য মানসিক এবং শারীরিক সুস্থতার মাঝে ব্যালেন্স তৈরি করা। সুস্থ জীবনযাপনের জন্য এই দুটিই ভীষণ গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমি যোগাসনে বেশি মন দিয়েছি। প্রতিদিন নিয়ম করে যোগ অভ্যাস করি। শরীর ও মন সুস্থ রাখতে এর কোনো জুড়ি নেই।’