বেবিচকে পদোন্নতিতে লাগবে না গোয়েন্দা প্রতিবেদন

এখন থেকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পদোন্নতিতে লাগবে না কোনো গোয়েন্দা প্রতিবেদন। এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। এবার যোগ্যাতার ভিত্তিতে পদ খালি থাকা সাপেক্ষে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গত ১৯ আগস্ট বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৩ আগস্ট বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির জন্য গাইডলাইন নির্ধারণের জন্য অনির্ধারিত সভা করেন চেয়ারম্যান, বোর্ড সদস্য ও প্রধান প্রকৌশলী।

জানা গেছে, বেবিচক বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নেওয়া হবে না। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পদোন্নতির আগে কোনো সংস্থা কর্তৃক বেবিচকের কাছে লিখিত অভিযোগ উত্থাপিত হলে যদি তা আমলযোগ্য হয়, তাহলে বেবিচক তা তদন্তপূর্বক নিষ্পত্তি করবে। এক্ষেত্রে অধিকসংখ্যক পদ শূন্য থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর জন্য পদ শূন্য রেখে জুনিয়র কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হবে। পরবর্তী সময়ে ঐ কর্মকর্তা নির্দোষ প্রমাণিত হলে, যে তারিখ থেকে তিনি পদোন্নতিবঞ্চিত হয়েছেন; সেই তারিখ থেকে তার পদোন্নতি কার্যকর হবে এবং তিনি বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। তবে পদ শূন্য না থাকলে প্রাপ্ত অভিযোগ কর্তৃপক্ষ পর্যায়ে দ্রুত তদন্তপূর্বক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কনিষ্ঠ কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।

এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা।