১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল 

পেস বোলার ও ইনজুরি একে অপরের পরিপূরক। তবে টাইগার পেসার শরিফুলের বেলায় সেটা যেন এক কাঠি ওপরে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল। যার কারণে মিস করেছেন পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আবারও বেরসিক ইনজুরির কবলে এই পেসার। যার কারণে মিস করেছেন দ্বিতীয় টেস্ট। 

রাওয়ালপিন্ডিতে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। তবে সেই ম্যাচে কুঁচকির চোট পান ২৩ বছর বয়সী এই বোলার। আবারও শরিফুলের মাঠের খেলায় ফিরতে ১০ দিন লাগবে বলে জানিয়েছেন দলের ফিজিও বায়েজেদুল ইসলাম। 

এছাড়া শরিফুলকে নিয়ে বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, 'প্রথম টেস্টের পর শরিফুল একটি এমআরআই করিয়েছিলেন এবং চোট গ্রেড ওয়ান পর্যায়ে আছে। এই ধরনের ক্ষেত্রে সুস্থ হয়ে ফিরতে প্রায় ১০ দিন সময় লাগে এবং তিনি তার পুনর্বাসন শুরু করেছেন।' 

যার কারণে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ছিলেন না শরিফুল। তার জায়গা একাদশে সুযোগ পেয়েছেন অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্যদিকে চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ দল। সেখানে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। প্রথম টেস্টে ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। সেই ম্যাচে শরিফুলকে দেখা যাবে কি না সেটা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে রয়েছে আশঙ্কা। তবে আসা করা যাচ্ছে, ভারত সিরিজের আগে ফিট হয়ে উঠবেন এই পেসার।