পুঁজিবাজারে দরপতন থামছেই না

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে দরপতন থামছেই না। এক দিনের ব্যবধানে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট। গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক দেড়শ পয়েন্টের বেশি কমল। লেনদেনের পরিমাণও কম। গতকাল লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে ব্রড ইনডেক্স ২ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্লেষকদের মতে, বাজারে আস্থার সংকট কাটছে না। বাজেটে প্রণোদনা ও সরকারি আশ্বাসেও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। সেইসঙ্গে পুঁজিবাজারে তারল্য সংকট রয়েছে। এদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) নিয়ে পুঁজিবাজারে নতুন সংকট দেখা দিয়েছে। গত দুই দিনেও ক্রেতা নেই এই প্রতিষ্ঠানের শেয়ারের। সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানিটি বন্ধ করে দেওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেছে। এর প্রভাব পুঁজিবাজারে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির ১৫ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৩৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪০৮ কোটি ৮৮ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১২ কোটি ৯১ লাখ টাকার। সে হিসেবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ১০৪ কোটি টাকার বেশি।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৯ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫২৩০ দশমিক ৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৮৬০ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট কমে ১১৯৮ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৫১টির। অন্যদিকে কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

 লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, রানার অটো, সিনোবাংলা ইন্ডা., পাইওনিয়ার ইন্সুরেন্স, সিঙ্গার বিডি, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রেথ ফান্ড, ঢাকা ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও প্রাইস ইন্সুরেন্স।

 দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—নিটল ইন্সুরেন্স, প্রাইম ইন্সরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, পাইওনিয়ার ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামী মি. ফা., ঢাকা ইন্সুরেন্স ও কর্ণফুলি ইন্সুরেন্স।

 অন্য দিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ইমাম বাটন, মেঘনা পেট, এফএএস ফাইন্যান্স, বীচ হ্যাচরী, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো সিন্থেটিক্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মি.ফা., মেঘনা কন্ডেন্সড মিল্ক, পিপলস লিজিং, ও সাভার রিফ্র্যাক্টরিজ।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।