চুক্তি বাতিলের পর চাকরি গেল মাসুদ বিন মোমেনের

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মাসুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। 

এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ। চাকরির বয়সসীমা শেষের দিকে ২০২২ সালের ৬ ডিসেম্বর দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। এই মেয়াদ এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষপদে পরিবর্তন আসছে। অবসরের স্বাভাবিক বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরও চুক্তিতে দায়িত্ব চালিয়ে যাওয়া জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার এক ডজনেরও বেশি কর্মকর্তা ইতোমধ্যে চাকরি খুইয়েছেন।