শত শত শিশুকে নিপীড়ন-ধর্ষণ করেন সাবেক চাইল্ডকেয়ার কর্মী

অস্ট্রেলিয়ায় ২০ বছরেরও বেশি সময় ধরে নিজের তত্ত্বাবধানে থাকা শত শত শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেছেন সাবেক এক চাইল্ডকেয়ার কর্মী। ৪৬ বছর বয়সী অ্যাশলে পল গ্রিফিথ ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিসবেন ও ইতালির চাইল্ড কেয়ার সেন্টারে ৩০৭টি অপরাধ করার কথা স্বীকার করেছেন।

আদালতের শুনানিতে বলা হয়, গ্রিফিথ যাদের শিকার বানিয়েছেন- সেসব শিশুর বেশিরভাগই বয়স ১২ বছরের নিচে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ পড়ে শোনাতে দুই ঘণ্টারও বেশি সময় লাগে বিচারকের সহযোগীর।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, সাবেক এই চাইল্ডকেয়ার কর্মী ২৮টি ধর্ষণ, ৯০টি অশালীন আচরণ এবং ৬৭টি শিশু শোষণের অপরাধে দোষী।

চাইল্ডকেয়ার কর্মী গ্রিফিথকে ২০২২ সালে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি শিশু শোষণের অভিযোগ আনা হয়েছিল।

পরে প্রসিকিউটররা ওই ব্যক্তির বিরুদ্ধে ৯১ জন মেয়ের বিরুদ্ধে ১,৬০০টিরও বেশি অপরাধের অভিযোগ আনেন। তবে সোমবার (২ সেপ্টেম্বর) শুনানির সময় অনেক অভিযোগ বাদ পড়ে যায়।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সহকারী কমিশনার মাইকেল ফিটজেরাল্ড এই ঘটনাটিকে 'আমাদের গোয়েন্দাদের দেখা শিশু নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি' হিসাবে বর্ণনা করেন।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া শিশু নির্যাতনের ছবি ও ভিডিওর সংগ্রহ উদ্ধারের পর থেকে গ্রিফিথকে খোঁজা হচ্ছিল। তার অপরাধের রায়ের অপেক্ষায় আছে সবাই।