যশোরে হচ্ছে আধুনিক পোনা বিক্রয়কেন্দ্র

খুশি মাছচাষিরা

যশোর অফিস

যশোরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা বিক্রির আধুনিক বিক্রয়কেন্দ্র স্থাপন করা হচ্ছে। দেশের অন্যতম বৃহত্তম পোনা বিক্রির মোকাম মত্স্য পল্লিখ্যাত চাঁচড়ায় এটি স্থাপিত হওয়ায় এ অঞ্চলের মাছচাষি ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। যশোর জেলা মত্স্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এর নির্মাণ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

মত্স্যজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আধুনিক এ বিশেষায়িত মাছের পোনা বিক্রয়কেন্দ্র নির্মাণ হলে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে মাছচাষিদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা ব্যক্ত করেন যশোর মত্স্য চাষি কল্যাণ সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু।

বৃহত্তর যশোর জেলা মত্স্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হরেন্দ্র নাথ সরকার বলেন, প্রস্তাবিত প্রকল্পের জন্য শহরের চাঁচড়া মোড়ে ৮০ শতাংশ জমির উপর গড়ে তোলা হচ্ছে ভবন। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর যশোর জেলা মত্স্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এর নির্মাণ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে তিনতলা ভবনে বিশেষায়িত এ বিক্রয়কেন্দ্রে আধুনিক পদ্ধতিতে মাছের রেণু ও পোনা সংরক্ষণ, পানির রিসাইক্লিন পদ্ধতি, রোগ শনাক্তকরণসহ নানা সুযোগ-সুবিধা থাকবে। এর ফলে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে মাছচাষে নতুন দিগন্ত উন্মোচন হবে।