ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন।
এরমধ্যে স্ত্রী কামরুন্নাহার তূর্না হত্যা মামলায় স্বামী আরিফুল হক রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি রনি পলাতক রয়েছে। অন্য মামলায় বাঞ্ছারামপুরের মো. রিপন মিয়া হত্যাকাণ্ডে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আশুগঞ্জের চরচারতলায় ২০১৭ সালের ২৪ এপ্রিল তূর্নাকে হত্যা করে স্বামী রনি। এ ব্যাপারে নিহতের বাবা মফিজুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে বাঞ্ছারামপুরের রূপসদী ইউনিয়নের পশ্চিম কান্দাপাড়ার মো. রিপন মিয়া খুন হন স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে। এই হত্যা মামলায় একই ইউনিয়নের বেলানগর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে শিপন মিয়া, বাতেন মিয়ার ছেলে মো. কবির মিয়া ও কাজী মোস্তফার ছেলে মো. হাবিব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ হত্যা মামলার আসামি রিপনের স্ত্রী আমেনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।