ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন তিনি। আগামী মৌসুমে রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে।
এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের আসন্ন মেগা (বড় পরিসরের) নিলাম সামনে রেখে সম্প্রতি রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দ্রাবিড়। খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। দলটির বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের বোঝাপড়া বেশ দারুণ। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে থাকতেই তার সান্নিধ্য পেয়েছেন স্যামসন।
নিজের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় এই রাজস্থানের সঙ্গেই যুক্ত ছিলেন দ্রাবিড়। আবারও সেই পুরোনো ঠিকানাতেই ফিরলেন তিনি। যদিও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কিংবা দ্রাবিড়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
২০১২ ও ২০১৩ মৌসুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪, ২০১৫ মৌসুমে দলের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।