ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রেরণা ধারণ করে গঠন করা হলো নতুন সংগঠন ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’। দেশাত্ববোধ, সাহিত্য- সংস্কৃতির ঐতিহ্য এবং ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নবজাগরণের বোধ ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি।
সম্প্রতি জাতীয় সংস্কৃতির রূপরেখা প্রণয়নে অঙ্গীকার ব্যক্ত করা ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’র আহ্বায়ক প্রখ্যাত চিন্তক ও কবি ফরহাদ মজহার। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন খ্যাতিমান গীতিকবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলীকে।
সংগঠনটি জানিয়েছে, অচিরেই শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করবে। আহবায়ক কমিটিতে দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণে অবদান রাখা ফ্যাসিবাদ বিরোধী ২৫ জন সদস্য রয়েছেন। তারা হলেন, কাজী জেসিন, আমিরুল মোমেনীন মানিক, সাম্য শাহ্, জুননু রাইন, সামসুদ্দিন হিরা, বিমল চন্দ্র দাশ, মামুন সারওয়ার, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, প্রাচ্য মোহাম্মদ, সৈয়দ আহসান কবীর, রুদ্রাক্ষ রায়হান, পলিয়ার ওয়াহিদ, এহসান মাহমুদ, ইমরান মাহফুজ, সরোজ মেহেদী, শিমুল পারভীন, মঈন মুনতাসীর, দিদার মোহাম্মদ, ফরিদুল ইসলাম নির্জন, ফারুক হোসেন খান, ফারহানা নিমগ্ন দুপুর, সাইনা ইসলাম ও আবিদ আজম।
এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা ও পরামর্শক পর্ষদে আরও সদস্য রয়েছেন। পর্যাক্রমে জাতীয় সাংস্কৃতিক মৈত্রী রাজধানীসহ সারা দেশে সাংগঠনিক রূপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।