বগুড়ায় প্রতিবন্ধী শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শাহ পরান (১৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে পিটিয়ে একটি পা ভেঙে দিয়েছেন নার্সারির এক মালিক। তার নাম সাইফুল আলম।

মঙ্গলবার রাতে শাহ পরানের বাবা মামুন হায়দার বগুড়া সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। তিনি শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।

অভিযোগ থেকে জানা যায়, শাহ পরান গত শনিবার তার মায়ের সাথে মহাস্থান বন্দর এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায়। রবিবার সকালে শাহ পরান ঐ বাড়ির পাশে মীনা নার্সারিতে বেড়াতে গেলে পাহারাদারদের ঘুমানোর বিছানায় এক সময় শাহ পরান শুয়ে পড়ে। নার্সারির মালিকের স্ত্রী বিলকিস বেগম বিছানায় শুয়ে থাকার কারণে প্রতিবন্ধী শাহ পরানকে থাপ্পড় দেন। এতে শাহ পরান ক্ষুব্ধ হয়ে বিছানা থেকে বালিশ ড্রেনে ফেলে দেয়। এ খবর নার্সারি মালিক আলম জানতে পেরে এসে শাহ পরানকে লাঠি দিয়ে পিটিয়ে ড্রেনে ফেলে রাখে।

প্রতিবেশীরা খবর পেয়ে শাহ পরানকে ড্রেন থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করার পর চিকিত্সকরা জানান, তার বাম পায়ের হাঁটু ভেঙে গেছে।

শাহ পরানের বাবা দোকান কর্মচারী মামুন হায়দার আক্ষেপ করে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে কোনো মানুষ এভাবে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দিতে পারে! এ ব্যাপারে নার্সারি মালিক আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মঙ্গলবার রাতে অভিযোগ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।