রায়পুরা সরকারি কলেজ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরা সরকারি কলেজে হঠাত্ করে মাসিক বেতন ২৫/৩০ টাকার স্থলে ২০০/৪০০ টাকা নির্ধারণ করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বুধবার ক্লাস বর্জন করে পাশের রাজিউদ্দিন রাজু এমপি অডিটরিয়াম মাঠে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সরকারি কলেজে এইচএসসিতে মাসিক বেতন ২০০ টাকা এবং অনার্সে ৪০০ টাকা নেওয়ার কোনো বিধান নেই। তাছাড়া গরিব মেধাবী ছাত্রছাত্রীরা কলেজটি সরকারি হওয়ার ফলে ভর্তি হয়। এখন যদি কলেজটিতে ২৫ টাকার স্থলে ২০০ টাকা বেতন নেওয়া হয় তাহলে গরিব মেধাবীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।
এ ব্যাপারে অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, এখন পর্যন্ত সরকারিকরণের কোনো সুযোগ-সুবিধা না আসায় পুনরায় ২৫/৩০ টাকার বদলে ২০০/৪০০ টাকা করে বেতন আদায়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে সবার কাছ থেকে ২০০ টাকা হারে মাসিক বেতন বহাল রয়েছে। বিষয়টি নিয়ে চলতি মাসের ১৪ তারিখ নবীনবরণ অনুষ্ঠানের পর পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।