এএফপি
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ অভিনন্দন জানিয়ে দেশটির সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্র গ্রিসের সঙ্গে এক হয়ে কাজ করতে চায়। এজন্য দুইদেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নারী মুখপাত্র পৃথকভাবে গ্রিসকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে মিটসোটাকিসের সঙ্গে কাজ করতে চায়। হার্ভার্ডে পড়ালেখা করা মিটসোটাকিসের নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেসি পার্টি রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে। আর এই নির্বাচনের মধ্যদিয়ে দেশটির বামপন্থি নেতা আলেক্সিস সাইপ্রাসের চার বছরের শাসনের অবসান ঘটলো। এতে করে দেশটি তাদের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে। কেননা, মিটসোটাকিস মুক্তবাজার অর্থনীতিপন্থি নেতা।