বিবিসি
পাপুয়া নিউগিনির (পিএনজি) পার্বত্য অঞ্চলে গোষ্ঠীগত সংঘাতে নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার ভোরে দেশটির হেলা প্রদেশে এক নৃগোষ্ঠীর গ্রামে অপর নৃগোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে তাদের হত্যা করে।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে ফেইসবুকে এক পোস্টে এ ঘটনাকে তার জীবনের অন্যতম দুঃখের ঘটনা বলে বর্ণনা করেছেন। এটি গত কয়েক বছরের মধ্যে পিএনজিতে হওয়া সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাতের ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার হয়নি। দেশটির গণমাধ্যম ইএমটিভির তথ্যানুযায়ী, গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। ইএমটিভি জানিয়েছে, তারি-পোরি জেলার ক্ষুদ্র একটি পল্লিতে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। মুনিমা গ্রামে রবিবার প্রথম হামলাটি চালানো হয়েছিল। ওই হামলায় চার পুরুষ ও তিন নারীসহ সাত জন নিহত হয়। এরপর সোমবার ভোররাতে কারিদা গ্রামে হামলা হয়। এ সময় ১৬ জন নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নারীদের মধ্যে দুই জন অন্তঃসত্ত্বা ছিলো। হাগুই, ওকিরু ও লিউয়ি নৃগোষ্ঠীর বন্দুকধারীদের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং দায়ীদের সবাইকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মারাপে।