কবি আল মাহমুদের জন্মদিন আজ

ইত্তেফাক রিপোর্ট

‘এইজল এই ঝড়/ এই জলতরঙ্গের খেলা/ মনে হয় শেষ নেই/ আমার তো ফুরিয়েছে বেলা’ (জলতরঙ্গ, কবি আল মাহমুদ)। আল মাহমুদ বিহনে এবারই প্রথম পালিত হচ্ছে তার জন্মদিন। এ বছরের ফেব্রুয়ারিতে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি নেই কিন্তু বাংলা সাহিত্যে কবি আল মাহমুদের অবস্থান চিরস্থায়ী হয়ে রয়েছে কাব্যে, সাহিত্যে। কবিতায় আল মাহমুদ এমন এক স্বতন্ত্র অবস্থানে নিজেকে তুলে এনেছিলেন যেখানে তিনি নিঃসঙ্গ শেরপার মতোই বিরাজ করছেন। শুধু কবিতা নয়, অনন্য সব গল্প-গদ্যের অসাধারণ রূপকার আল মাহমুদ। কবির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কবি আবিদ আজম জানান, কবির জন্মদিন উপলক্ষ্যে ঢাকায় ও তার জন্মভিটায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে (২৩৪/সি নিউ এলিফ্যান্ট রোড) আজ বিকাল চারটায় আল মাহমুদ উত্সবের আয়োজন করা হয়েছে। এতে কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি জাহিদুল হকসহ নানা কবির ভক্ত ও অনুরাগীরা উপস্থিত থাকবেন। কবির জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইলে সকালের দিকে স্মরণানুষ্ঠান ছাড়াও কবির কবরে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠ করা হবে। এছাড়া আল মাহমুদ স্মারকগ্রন্থ প্রকাশনা ছাড়াও কবির জন্মদিন উপলক্ষ্যে বৃহত্ পরিসরে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান আবিদ আজম। উল্লেখ্য, ১৯৩৬ সালের ১১ জুলাই কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।