ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার ৩ হাজার ৮২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। গ্রেফতারকৃতরা হলেন: সাজ্জাত হোসেন হূদয় (২৮) ও নাজমীন আক্তার জুঁই (২৪)। হূদয়ের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন। জুঁই কক্সবাজারের টেকনাফ থানার লম্বাবিল জিয়াউর রহমানের মেয়ে। তিনি জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদেরকে আটক করা হয়। দুপুর আড়াইটার দিকে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। শুরু থেকেই আর্মড পুলিশের সদস্যরা তাদের অনুসরণ করছিল। এপিবিএন কথা বললে হূদয় ও জুঁই পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন। পরবর্তীতে দুজনকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়।
আলমগীর হোসেন আরো জানান, জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তল্লাশি করা হলে হূদয়ের কাছে ২ হাজার পিস এবং জুঁইয়ের কাছ থেকে ১ হাজার ৮২০ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। তাদের দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।