জবিতে সম্প্রীতির জন্য কনসার্ট

জবি সংবাদদাতা

ধর্মীয় সম্প্রীতি স্থাপন, সাম্প্রদায়িকতা ও জাতিগত নিপীড়ন বিরোধী কনসার্ট গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এই কনসার্টের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। কনসার্টে সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক সুষ্মিতা রায় সুপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক গড়ে তোলা ব্যান্ড দল—মনের মানুষ, আবোল-তাবোল, অভিকর্ষ এবং দি ট্র্যাভেলার্স।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অনিমেষ রায়ের সঞ্চালনায় কনসার্টে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রসেনজিত্ সরকার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা। মাসুদ রানা তার বক্তব্যে বলেন, দেশে দেশে শাসক ও শোষক শ্রেণি তাদের অন্যায় স্বার্থ হাসিল করার লক্ষ্যে মানুষে মানুষে জাতি, ধর্ম ও সম্প্রদায়গত বিভেদ ও দাঙ্গা বাধিয়ে রাখে; রক্তপাত ঘটায়। দুনিয়ার সমস্ত মানুষকে আজ এদের বিরুদ্ধে সংগঠিত হতে হবে।