নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরল কলেজছাত্র বাপ্পী

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র বাপ্পীর দাফন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লামাপাড়া গ্রামে রবিবার সম্পন্ন হয়েছে। ত্রিশাল উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয় কলেজছাত্র শামীম আফতার বাপ্পীর লাশ। পরিবারের দাবি বাপ্পীকে পরিকল্পিতভাবে হত্যা করেই লাশ ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের মা মোছাঃ শাম্মিয়ারা খানম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেছেন।

গত বৃহস্পতিবার ময়মনসিংহের আকুয়া হাজী বাড়ি মসজিদে জোহরের নামাজের কথা বলে বাসা থেকে বেড়িয়ে যায় বাপ্পী। ঐ দিন তিনটায় মায়ের সঙ্গে শেষ কথা হয় মুঠোফোনে। শনিবার তার লাশ ভেসে ওঠে ব্রহ্মপুত্র নদের ত্রিশাল উপজেলার বালিপাড়া বিয়ারা নামক এলাকায়।

একটি সূত্র জানায়, ২০১১ সালে ত্রিশালে রাতুল নামের এক মেয়েকে বিয়েও করেছিল বাপ্পী। সেই বিয়ের বিচ্যুতিও ঘটে ২০১৫ সালে। 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত কার্যক্রম চলছে।