মার্কিন রাষ্ট্রদূতকে ভাণ্ডারিয়ায় জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দেওয়া হলো

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল বুধবার সকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় এক শুভেচ্ছা সফরে আসেন। এই সফরকালে মার্কিন রাষ্ট্রদূত আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সাক্ষাত্কালে মার্কিন রাষ্ট্রদূতকে বৈশ্বিক উষ্ণায়নজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাণ্ডারিয়াসহ উপকূলীয় অঞ্চলে বন্যা, লবণাক্ততা ও ঘূর্ণীঝড়, জলোচ্ছ্বাস এবং ভাণ্ডারিয়া উপজেলায় জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবিলায় গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।              পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি) প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান ভাণ্ডারিয়া উপজেলাসহ উপকূল অঞ্চলে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বিষয়ে রাষ্ট্রদূতকে ধারণা দেন। প্রকল্প পরিচালক পাওয়ার পয়েন্টে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলায় বাঁধ নির্মাণে গৃহীত ও বাস্তবায়নাধীন ব্যাপক প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে ভাণ্ডারিয়া উপজেলায় গৃহীত ও চলমান প্রকল্প সম্পর্কে বর্ণনা দেন।

ভাণ্ডারিয়ায় বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বাঁধ নির্মাণ, ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পল্লি অঞ্চলে সুপেয় পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ভাণ্ডারিয়া থানা ইকোপার্ক, হরিণপালা ইকোপার্ক, দুর্যোগসহিষ্ণু ঘর নির্মাণ, খাল খনন, চরখালীতে বন বিভাগের বনায়ন কর্মসূচি ইত্যাদি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে বিশেষ ধারণা দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক মনিরুল ইসলাম জোমাদ্দার মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্যসচিব সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, পৌর মহিলা কাউন্সিলর ফাতেমা ইয়াসমিন, মঞ্জু রানী ও বেবী আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমুখ।

বরিশাল অফিস :তিন দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বুধবার বিকালে তিনি বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন।

এছাড়াও তিনি ঝালকাঠি জেলার ভিমরুলীতে ভাসমান পেয়ারাবাজার পরিদর্শন এবং বিকাল সোয়া ৩টায় বাংলাদেশ বেতার বরিশাল আঞ্চলিক কার্যালয়ে রেডিও ইন্টারভিউতে অংশ নেন।