দুর্নীতি রোধে সরকারি সেবা ডিজিটাল করা হচ্ছে :জয়

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুর্নীতি রোধে সরকার সকল সেবা ডিজিটাল করার জন্য কাজ করে যাচ্ছে। ১ হাজার ৫০০ সরকারি সেবার ৩০০টি ইতিমধ্যে ডিজিটালাইজড করা হয়েছে। বাকি সকল সেবাকে ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। সরকারের সকল সেবা ডিজিটাল হতে থাকায় ক্রমান্বয়ে দুর্নীতিও কমে আসছে। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ সচিবালয় আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ : সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘সরকারের সকল সেবা ডিজিটাল করা হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দ্রুত সময়ে দেশকে ডিজিটালাইজড করার কার্যক্রম বাংলাদেশ ছাড়া খুব কম দেশই পেরেছে। আমরা এখন ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান করছি। এখন যেহেতু ক্রিটিক্যাল কিছু সিস্টেম হয়ে গেছে, এটার ওপর ভিত্তি করে অন্যান্য সার্ভিস ডিজিটাইজ করা সহজ হয়ে গেছে।’

সংসদ সদস্যদের মধ্যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায়     সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে এক নবদিগন্তের উন্মোচন করেছেন। এই ডিজিটাল রূপান্তরের মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ।

বাংলাদেশে বিদ্যমান টেলিযোগাযোগ নীতিমালা পরিবর্তনের উদ্যোগের কথা তুলে ধরে সংসদ সদস্যদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের টেলিকমিউনিকেশন এখনো সেই ২০ বছর আগের। এটাকে আমাদের নতুন করে মডেল পদ্ধতিতে আনার প্রয়োজন। আমি উদ্যোগ নিয়েছি। প্রায় ১৫ বছরের পরিকল্পনা করেছি। আমরা সম্পূর্ণ নতুন একটা টেলি কমিউনিকেশন পলিসি করব। এটা লংটার্ম ভিশন। এটা না করলে এক পর্যায়ে আমরা আটকে যাব। ইনফ্যাক্ট আমরা প্রায় সেই পর্যায়ে চলে এসেছি। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেলিকমিউনিকেশন পলিসিটাকে সম্পূর্ণ পালটাতে হবে।’

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ বক্তব্য রাখেন।