মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহোদর মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটায় চিকিত্সাধীন অবস্থায় তিনি গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

গতকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ক্লাবের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সদস্য জাহিদুজ্জামান ফারুক ও সৈয়দ আবদাল আহমদসহ ক্লাবের সদস্য, সাংবাদিক ও মুহাম্মদ জাহাঙ্গীরের শুভাকাঙ্ক্ষীগণ অংশ নেন।  আরো যোগ দেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, ড. মুহাম্মদ ইউনূস, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, মুনতাসীর মামুন, মফিদুল হক প্রমুখ।

মুহাম্মদ জাহাঙ্গীর সত্তরের দশকে দৈনিক বাংলার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। পরে ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হন।  জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।