ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১১তম সাক্ষী রাফির মা শিরিনা আক্তারের সাক্ষ্য রেকর্ড ও আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মামলার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার সাক্ষ্য রেকর্ড করা হয়। সাক্ষ্য শেষ করার পর বাদী পক্ষের আইনজীবীর সাক্ষীনামায় স্বাক্ষর করার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন রাফির মা।
কিছুক্ষণ পর তিনি সুস্থ হলে আসামি পক্ষের ১৬ আইনজীবী তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আজ বৃহস্পতিবার মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শক আবুল খায়েরের সাক্ষী গ্রহণ ও জেরার তারিখ ধার্য করে আদালত কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। এ সময় ১৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।