ওদের পরনে পুলিশের পোশাক, হাতে ওয়াকিটকি। মাইক্রোবাস নিয়ে ঘুরে বেড়ায় এদিক-সেদিক। হঠাত্ করে বোঝার উপায় নেই তারা আসল পুলিশ নাকি নকল। এই সুযোগে তারা নজর রাখত মোটা অঙ্কের টাকা বহনকারী বা স্বর্ণ ব্যবসায়ীদের দিকে। টার্গেট ব্যক্তিকে আটক করে টাকা-স্বর্ণ কেড়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। গত মঙ্গলবারও তারা নেমেছিল ডাকাতির মিশনে। তবে বিধি বাম। গোপন খবরের ভিত্তিতে গুলিস্তান এলাকা থেকে তাদের আট সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো—আলাউদ্দিন, সবুজ মিয়া, রাসেল মাহমুদ সরকার, জুয়েল শিকদার, নিবাস কুমার সরকার ওরফে স্বপন, রাসেল, দবিরুল মিয়া ও হাসানুল বাপ্পা। তাদের কাছে পাওয়া গেছে ঢাকা রেঞ্জ পুলিশের এসআই পদ মর্যাদার র্যাংক ব্যাজসহ এক সেট পুলিশের ইউনিফরম, স্কুল ব্যাগ, পুলিশ মনোগ্রাম খচিত চামড়ার বেল্ট, হাতকড়া, দুইটি ওয়াকিটকি, রামদা, চাপাতি, মাইক্রোবাসের ড্যাশবোর্ডের সামনে ‘পুলিশ’ লেখা স্টিকার, সিগন্যাল লাইট, বেতের লাঠি, মাইক্রোবাস, মোটরসাইকেল ও লুণ্ঠিত ১০ লাখ ৪৯ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাঁতী বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও ঢাকার বিভিন্ন স্থানে মোটা অঙ্কের টাকা বহনকারীদের মাইক্রোবাসে তুলে নিতো তারা। এরপর নানারকম ভয় দেখিয়ে টার্গেট ব্যক্তির সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নিতো। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে হাজির করা হয়।