নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর মোহাম্মদপুরের দুটি রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রিং রোড এলাকার অনফায়ার ও কালোজিরা রেস্টুরেন্টে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির পাশাপাশি বাসি-পচা খাবার মজুত করতে দেখা যায়। এসব অপরাধে অনফায়ারকে ২ লাখ ও কালোজিরাকে ৪ লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান।
এর আগে মঙ্গলবার চকবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল পণ্য উত্পাদন ও বাজারজাত করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়।