সেফুদাকে নিয়ে প্রশ্ন করা রাজউকের সেই শিক্ষক সাসপেন্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত নাম সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে প্রশ্ন করা রাজউক উত্তরা মডেল কলেজের সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় সেফুদাকে নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। যিনি প্রশ্ন করেছেন তার নাম জাহিনুল হাসান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক বলেন, ‘প্রশ্নকারী শিক্ষককে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মো. মাতলুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

গত ৪ জুলাই অনুষ্ঠিত দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উদ্দীপক অংশে লেখা হয়েছে, ‘অদ্ভুত এক ধরনের মানুষ, সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে, ‘মদ খাবি, মানুষ হবি, আমি আরো এক গ্লাস খাইলাম’। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, ‘তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম এবং সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান ব্যক্তি’।

উদ্দীপকের আলোকে করা প্রশ্নগুলো হলো—আকাইদ কী? ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন? বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো এবং তরুণদের উদ্দেশে দেওয়া সেফুদার বক্তব্যটি কিসের শামিল? এর ফলাফল বিশ্লেষণ করো।