গাজীপুর থেকে অপহূত এক স্কুলছাত্রীকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে মহানগরীর তালাইমারী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একটি মাইক্রোবাসে করে তিনজনকে অপহরণ করা হলেও সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অপর দুইজনকে নিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে ওই স্কুলছাত্রী পুলিশকে জানিয়েছেন।
উদ্ধারকৃত স্কুলছাত্রীর নাম মিতা আক্তার বর্ষা (১৪)। সে সপ্তম শ্রেণিতে পড়ে। গাজীপুরের শ্রীপুর উপজেলার শান্তিনগর গ্রামের মতিউর রহমানের মেয়ে। সে স্কুল ড্রেস পড়ে রয়েছে। অপর দু’জনের নাম যথাক্রমে মেঘলা ও জুথি। তারাও একই এলাকার বলে উদ্ধারকৃত বর্ষা পুলিশকে জানিয়েছে।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান উদ্ধারকৃত স্কুলছাত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, বুধবার দুপুরে তিন স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদেরকে অচেতন করে রাখা হয়েছিল। মাইক্রোবাসে তাদেরকে রাজশাহীর দিকে নিয়ে আসা হচ্ছিল। মহানগরীর তালাইমারী এলাকায় মাইক্রোবাসটি থামানো হয়। এ সময় চেতনা ফিরে পায় বর্ষা। সে কৌশলে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে পাশের শাওন ফার্মেসীতে গিয়ে আশ্রয় নিয়ে ঘটনা খুলে বলে। এসময় মাইক্রোবাসটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ফার্মেসীর মালিক মতিহার থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ওসি আরও বলেন, রাত ১০টা পর্যন্ত অপহূত অপর দু’জনকে উদ্ধার করা যায়নি। তবে মাইক্রোবাসের বর্ণনা দিয়ে মহানগরীর ১২ থানার পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান ওসি হাফিজ।