মিরপুরের কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটিতে নিজের লোক অন্তর্ভুক্ত করতে না পারায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ অবস্থা থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি কাজী আব্দুল হাই হারুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা, সহকারী শিক্ষিক শামসুন্নাহার শাপলা, পরিচালনা কমিটির সদস্য সুইটি আক্তারসহ অন্যরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৬ জুলাই এক সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়েকে বিদ্যালয়ে আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু কথাটি সঠিক নয়, বরং তারা নিজেরাই ছাত্রীটিকে স্কুলে না আসতে দিয়ে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন। একই সঙ্গে তারা স্কুল পরিচালনা কমিটির সদস্য সুইটি আক্তারসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা সুইটি আক্তারের নামে ১৯/১২টি ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট লিখে তার মানহানি করার চেষ্টা করছেন। এছাড়া তাদের সন্ত্রাসী বাহিনী প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেও বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।