তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না। উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয় তাদের। উন্নয়নের কথা বলে যদি টাকা হাতিয়েই নেওয়া হতো তাহলে দারিদ্র্যের হার কীভাবে কমল? গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমানের ‘সাংবাদিকতা রাত বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি দেশের জনগণের ভালো চায় না। জনগণ জানে বলেই তাদের এখন আর মানুষ ভোট দেয় না। যারা ক্ষমতার লোভে পেট্রোল বোমার রাজনীতি করে। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারে। তাদের নেত্রী খালেদা জিয়া রাজনীতির জন্য বড়ো হুমকি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, আপনি আয়নায় নিজের চেহারা দেখেন। আপনারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য পরির্বতন করেছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি। গণমাধ্যম এখন বহুমাত্রিক। গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি। গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য আট হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। নয় কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এর ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। এটিকে কীভাবে শৃঙ্খলায় আনা যায় তা ভাবতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউএনবি চেয়ারম্যান আমানত উল্লাহ খান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রমুখ।