ইফার বই মেলা বানচালের প্রতিবাদে বায়তুল মোকাররমে মানববন্ধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী ফাউন্ডেশনের (ইফা) বই মেলা বানচালের প্রতিবাদ জানিয়েছে ইসলামী বই ব্যবসায়ীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর মসজিদের উত্তর গেটে বায়তুল মোকাররম ইসলামী পুস্তক ব্যবসায়ী কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বই মেলা বন্ধ হওয়ায় অংশগ্রহণকারী ১২০টি প্রকাশনী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের কারণে এই বই মেলা বন্ধ হয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, ৪০ বছর ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গণে বই মেলা হয়ে আসছে। এ বছরও দক্ষিণ গেটে মেলার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু একটি কুচক্রি মহলের কারণে বই মেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইফার শিডিউল অনুযায়ী বই মেলা দক্ষিণ প্রাঙ্গণেই হতে হবে। এর বিকল্প পুস্তক ব্যবসায়ীরা মানবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাদার্স পাবলিকেশন্স এর মালিক মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য দেন শাহাদাত লাইব্রেরীর মালিক শাহাদাত হোসেন প্রধানিয়া, ফরিদ বুক ডিপোর প্রকাশক মুহাম্মদ উজ্জল, এমদাদিয়া বুক হাউজের মালিক মো. জাহিদ, মেধা পাবলিকশন্সের প্রকাশক মো. আতাউর রহমান সুমন, ছালেহা প্রকাশনীর আলহাজ্ব মো. মাহবুবুর রহমান, মীনা বুক হাউজ-এর মোহাম্মদ আলী, নূরানী এমদাদিয়া লাইব্রেরীর মো. নুর আলম।