গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জাবিতে তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেনকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) মো. লুৎফর রহমান আরিফকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমাদানের তদন্ত কমিটি করা হলো। 

এছাড়া বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।