লন্ডনে গবেষণা

সহজ কৌশলেই ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শহরের তাপমাত্রা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকে শীতল করার কার্যকর উপায় খুঁজেছে একদল গবেষক। তারা দেখেছেন, ছাদ সাদা রঙ করা শহরে বাইরের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি ফারেনহাইট (২ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত কমাতে সহায়তা করতে পারে।

জলবায়ু পরিবর্তনের ফলে লন্ডনে উষ্ণ এবং শুষ্ক গ্রীষ্ম দেখা দেবে বলে মনে করা হচ্ছে। ২০৫০ সালের মধ্যে গ্রীষ্মের গড় দিন প্রায় ৫.৪ ডিগ্রি ফারেনহাইট (৩ ডিগ্রি সেলসিয়াস) বেশি গরম হবে।

গবেষণার প্রধান লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রভাষক অস্কার ব্রুসে বলেন, উষ্ণায়নের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং উষ্ণায়ন প্রশমিত করতে লন্ডনের মতো শহরগুলো একাধিক পদ্ধতি ব্যবহার করতে পারে। আমরা ব্যাপকভাবে পরীক্ষা করে দেখেছি যে, শীতল ছাদ গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিনে তাপমাত্রা কম রাখার সর্বোত্তম উপায়। অন্যান্য যেসব পদ্ধতি আছে, সেসব পদ্ধতি ছাদ কিংবা বাসাকে শীতল করলেও শহুরে তাপ হ্রাস করতে সক্ষম হয়নি।

বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক বড় শহরের মতো লন্ডনও অনিশ্চিত অবস্থানে রয়েছে। সেখানে শহুরে অঞ্চলগুলো আশেপাশের গ্রামীণ অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্য উষ্ণতর। তাই নগর পরিকল্পনাবিদরা এখন লন্ডনকে ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার উপায় খুঁজছেন।

জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে ৪ জুলাই প্রকাশিত নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের মুখে লন্ডনকে শীতল করার সবচেয়ে কার্যকর উপায়গুলো খুঁজেছেন। তারা ছাদে সৌর প্যানেল যুক্ত করা, ছাদগুলো সাদা রঙ করা বা একটি প্রতিফলিত প্রলেপ দিয়ে তাদের আচ্ছাদন করার কথা বলেছেন। সেই সঙ্গে তারা গাছপালা দিয়ে ছাদ আচ্ছাদন করা, রাস্তার বিভিন্ন স্তরে আরও বেশি গাছপালা রোপণ এবং শীতাতপ নিয়ন্ত্রণের বৃহত আকারের স্থাপনাসহ বিভিন্ন কৌশল প্রভাব পরীক্ষা করেছেন।

গবেষণাটি করার জন্য বিজ্ঞানীরা লন্ডনের একটি থ্রিডি কম্পিউটার মডেল তৈরি করেন। গ্রীষ্মের দুটি উষ্ণতম দিনে শহরটিকে শীতল করার জন্য বিভিন্ন কৌশল বাস্তবে ব্যবহার করে ১১টি জলবায়ু সিমুলেশন চালিয়েছেন। সেই সময়ে শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

গবেষণার ফলাফলগুলো দেখিয়েছে, যখন ছাদ সাদা রঙ করা হয়েছিল বা একটি প্রতিফলিত আবরণ দিয়ে আচ্ছাদিত ছিল, তখন বাইরের তাপমাত্রা গড়ে ১.২ সেলসিয়াস এবং কিছু অঞ্চলে ২ ডিগ্রি হ্রাস পেয়েছিল। এছাড়া বিস্তৃত রাস্তায় গাছপালা এবং ছাদে সৌর প্যানেলগুলো বসানোর ফলে তাপমাত্রা প্রায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছিল। যদিও সেই সময় তাপমাত্রা কমাতে সবুজ ছাদগুলোর প্রভাব খুব কম ছিল।

গবেষণার ফল আরও বলছে, লন্ডনে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ঘরগুলোকে শীতল রাখতে পারলেও, এর ফলে লন্ডনে বাইরের তাপমাত্রা ১ সেলসিয়াস পর্যন্ত উষ্ণ হয়েছে।

গবেষণায় বেশ কয়েকটি সীমাবদ্ধতাও ছিল উল্লেখ করে গবেষকেরা লিখেছেন, সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আশা করি, আমাদের ফলাফলগুলো গ্রীষ্মের দিনগুলোতে লন্ডনে সর্বাধিক শীতল প্রভাব তৈরি করতে সক্ষম।

তথ্যসূত্র: লাইভ সায়েন্স